বরিশালের উজিরপুরে জমির পানি সেচের ট্যাংকি থেকে আ. করিম জমাদ্দার (৬২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামে পানি সেচের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) করিম জমাদ্দারের মরদেহ উল্টো অবস্থায় পীরেরপাড় বাড়ৈ বাড়ির উত্তর-পশ্চিম পাশে পানির সেচের ট্যাংকির ভেতর পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার মো. নাজির উদ্দিন। তিনি বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন।
পরে উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের শ্যালক মাহাবুব আলম জনান, নিহত আ. করিম জমাদ্দার সকাল ১০টার দিকে বাড়ির সামনে নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন।
স্থানীয়রা ও চৌকিদার জানান, নিহত আ. করিম জমাদ্দারের সাথে ওই এলাকার কারো সাথে বিরোধ ছিল না। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
