সিঙ্গাপুরে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেম, শিবচরে বিয়ে 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

সোশ্যাল মিডিয়ায় পরিচয়। এরপর দেখা, ভালো লাগা ও প্রেম। আর সেই প্রেমের টানে ইন্দোনেশিয়ার নাগরিক ইফহা এলেন মাদারীপুরের শিবচরে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তার সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে হলো উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের শামীম মাদবরের (২৯) সঙ্গে।

জানা গেছে, সিঙ্গাপুরে কাজের সূত্রে ইফহার সঙ্গে পরিচয় হয় শামীমের। দুই বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে সেই প্রেম গড়াল জমকালো বিয়েতে। শামীম বড় কেশবপুর গ্রামের লাল মিয়া মাদবরের ছেলে। স্থানীয়রা জানান, ৫ বছর আগে একটু ভালো থাকার আশায় সিঙ্গাপুরে গিয়েছিলেন শামীম। সেখানেই ইফহাকে পেয়েছেন তিনি।

গত জানুয়ারিতে দেড় মাসের ছুটিতে বাড়ি আসেন শামীম। এরপর ইফহার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে জানান। বিয়ে করার কথাও বলেন। শামীমের পরিবার প্রথমে মেনে নিতে না চাইলেও পরে ইফহার সঙ্গে কথা বলে রাজি হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি। 

সালমা আক্তার নামে শামীমের এক নিকটাত্মীয় বলেন, ইফহা ইন্দোনেশীয় হলেও কাজের জন্য সিঙ্গাপুরে থাকেন। তবে ওর পরিবার ইন্দোনেশিয়া থাকে। আমরা ফোনে তার সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। মেয়ে খুবই ভালো। তার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি।

এদিকে বিদেশি তরুণীর বিয়ে দেখতে অনুষ্ঠানে ভিড় জমায় এলাকাবাসী। প্রায় ৮ শতাধিক মানুষের খাবার আয়োজন ছিল এদিন। প্রতিবেশীরা বলেন, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। নববধূকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে।

শামীমের বাবা লাল মিয়া মাদবর বলেন, আমার ছেলে পছন্দ করে বিয়ে করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। ওরা ভালো থাকুক এই দোয়া করি।

শামীম বলেন, প্রথমে আমাদের কারো পরিবার রাজি ছিল না। আমরা পরস্পরের পরিবারকে বুঝিয়েছি। পরে তারা বিয়েতে রাজি হয়। সামনের ছুটিতে ইফহাদের বাড়ি যাব। পরে হজ করারও চিন্তা আছে।

ইফহা বলেন, আমি শামীমকে পেয়ে খুশি। সে ভালো মনের মানুষ। আগামী মাসে আমরা সিঙ্গাপুর যাব। ওখান থেকে ইন্দোনেশিয়া বেড়াতে যাব বাবা-মায়ের কাছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত