সরকারি বরহামগঞ্জ ক‌লেজ কে‌ন্দ্রে দা‌খিল পরীক্ষার্থী বহিষ্কার, মামলা দায়ের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ত‌বে ভুয়া পরীক্ষার্থী পা‌লি‌য়ে গে‌ছে।

জানা যায়, পূর্ব খাস ফকির কান্দি দাখিল মাদরাসার পরীক্ষার্থী মেহেদী হাসানের (১৮) পরিবর্তে সাজিদ নামের এক ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন। কেন্দ্রে প্রবেশের সময় দায়িত্বরত কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখে সাজিদ পালিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর আসল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হলে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান তার পরিবর্তে সাজিদকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাকে বহিষ্কার করা হয়৷ 

শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরে পরীক্ষার্থী মেহেদী হাসানকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে পলাতক সাজিদের পরিচয় ও ঠিকানা এখনো পাওয়া যায়নি। প্রশাসন ভুয়া পরীক্ষার্থীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত