অভিনেতা হিসেবে তিনি কতটা সফল, তা তর্কসাপেক্ষ। কিন্তু সমাজসেবী হিসেবে সনু সুড যে তার সমকালীন বহু অভিনেতাকেই পিছনে ফেলে দিয়েছেন, তার প্রমাণ আগেই পাওয়া গেছে। অতিমারির সময়ে দেশ জুড়ে তার সংস্থা মানুষের পাশে দাঁড়িয়েছে। লকডাউনে দূরদূরান্তে আটকে পড়া মানুষকে ঘরে ফিরতে সাহায্য করার ব্যাপারে সনুর উদ্যোগ প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের কাছে তিনি এখন ‘মাসিহা’। তার এই উদ্যোগের জন্যই একটি সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছেন সনু।
সম্প্রতি একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন সনু। খাওয়া শেষ, কিন্তু বিল মেটাতে গিয়ে পর্দার ‘ছেদি সিং’ অবাক। তার আগেই কেউ একজন বিল দিয়ে দিয়েছেন! সঙ্গে রেখে গেছেন একটি মিষ্টি বার্তা। চিরকুটে লেখা সেই বার্তা সোশ্যালে করে নিয়েছেন সনু। সেখানে লেখা রয়েছে, ‘আমাদের দেশের জন্য আপনি যে সব ভাল ভাল কাজ করেন, তার জন্য ধন্যবাদ।’
ওই ব্যক্তি নিজের পরিচয় আড়ালেই রেখেছেন। তাই সনু ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা কে করেছেন, আমি জানি না। রেস্তোরাঁয় আমাদের সম্পূর্ণ বিল উনি দিয়ে একটি মিষ্টি বার্তা রেখে গেছেন। আপনার এই সৌজন্য আমার মন ছুঁয়েছে।’ একই সঙ্গে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে ভোলেননি সনু।
অতিমারির পরেও বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন সনু। গত বছর ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পরে আর্তদের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। এই মুহূর্তে সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে আসছে অ্যানিমেশন সিনেমা