কারসনের ক্যালিফে ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে মেজর লিগ সকারের এবারের মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি ও তার বাহিনী। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচটি শুরু হবে আগামীকাল সোমবার সকাল ৮টায়।
লস অ্যাঞ্জেলেসের দলটির বিপক্ষে এর আগে একবারই মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি। গত মৌসুমের সে ম্যাচে ৩-২ গোলে হার মানতে হয়েছিল হেরনসদের। এবার অবশ্য সেই চিত্র বদলে গেছে। আসর শুরুর ম্যাচে রিয়াল সল্ট লেকের বিপক্ষে দাপুটে নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি।
শক্তিতেও আগের চেয়ে ঢের এগিয়ে ফ্লোরিডার ক্লাবটি। সুয়ারেজ, বুসকেটস, আলবাদের নিয়ে সবগুলো শিরোপায় চোখ লিও মেসির। এমএলএস কাপ সম্পর্কে সুয়ারেজ বলেছেন, ‘এই শিরোপাটি আমাদের ক্লাব কখনো জেতেনি। ওইটাই লক্ষ্য। আমার ও দলের সবার।’
সল্ট লেকের বিপক্ষে ম্যাচে মেসি-সুয়ারেজ দুজনই ছিলেন গোলের যোগানদাতা রূপে। মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো’র মতে, ‘প্রতিটি অনুশীলন খেলোয়াড়দের আরও কাছে নিয়ে আসে। তাদেরও পুরনো রসায়নটা ফিরিয়ে আনতে হবে। একটু সময় লাগলেও ৬ বছর তারা একসঙ্গে খেলেছে।
গত মৌসুম বাজে কাটানোর পর এবার ফিরে আসতে চায় গ্যালাক্সি। ডিসেম্বরে এ দলে যোগ দিয়েছেন ফ্রান্সের হুগো লরিস। কালই প্রথম গ্যালাক্সি জার্সিতে মাঠে নামবেন তিনি। বিশ্বকাপ ফাইনালের পর আবার মুখোমুখি হবেন মেসি ও লরিস।
শুরুতেই কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে। ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামা থেকে ১০ মিলিয়ন ডলারে গ্যাব্রিয়েল প্যাককে দলে ভিড়িয়েছে তারা। ৯ মিলিয়ন ডলারে বেলজিয়াম থেকে আনা হয়েছে জোসেফ পেই্ন্টসিলকে।
দলটির মাঝমাঠের সেনা রিকি পুই বলেছেন, ‘এবার আর আমাদের কোনো অজুহাত নেই। আমাদের খেলোয়াড়, কোচ এবং ক্লাবের জন্য আমাদের সেরা ফুটবলটাই উপহার দিতে হবে।’
গত বছরের জয় থেকে প্রেরণা নিয়েই এবার মায়ামিকে আতিথ্য জানাতে প্রস্তুত এলএ গ্যালাক্সি।
