নতুন প্রতিভাদের কারণেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল: বেন স্টোকস

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম

টেস্ট ক্রিকেট মৃত্যুর পথে- কয়েকমাস আগে বিশ্বময় এই এক আলোচনা থামিয়ে দিয়েছিলেন গায়ানার গহীন থেকে উঠে আসা এক নব্য টেস্ট ক্রিকেটার শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজেই উইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডামাডোল ও পয়সার ঝনঝনানির মাঝেও টেস্ট ক্রিকেট যে উত্তেজনা ছড়াতে পারে প্রমাণ করেছিলেন শামার। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজও তেমনিভাবে ক্রিকেট বিশ্বের এনে দিয়েছে বেশ কিছু নতুন মুখ। এদের প্রত্যেকেই নিজের প্রতিভার দ্যুতিতে ভাস্বর করেছেন টেস্ট ক্রিকেটকে।

রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক ধ্রুভ জুরেল। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আইপিএল হয়ে ভারতীয় দলে অভিষেক সিরিজের তৃতীয় রাজকোট টেস্টে। রাঁচির স্পিনবান্ধব উইকেটে দিনে ১৪০ ওভার নেট অনুশীলন করে নিজেতে গড়া জুরেলের দৃঢ়তায় ভারত ৫ উইকেটে জয় পেয়েছে। সঙ্গে নিশ্চিত হয়েছে সিরিজজয়ও। প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৯০ রান করেন জুরেল। শেষ ইনিংসে ১৯২ রানের লক্ষ্যে ৩৬ রানের মধ্যে ৫ উইকেট খুঁইয়ে আবার যখন শঙ্কার মেঘ। তা উড়িয়ে দেন জুরেলই। শুবমান গিলের সঙ্গে ৭২ রানের জুটি। নিজে অপরাজিত ৩৯ রানে। ম্যাচসেরার স্বীকৃতিও তাই পেয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই।

রাঁচি টেস্টেই প্রথম ইনিংসে ৫-এর পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে ভারতকে কাঁপিয়ে দেন ২০ বছরের ইংলিশ স্পিনার শোয়েব বশির। শামার যেদিন রেকর্ড গড়ে অজিদের হারালেন একই দিনে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকার করে ইংল্যান্ডকে প্রথম টেস্ট জেতান টম হার্টলি।

রাজকোট টেস্টে জুরেলের সঙ্গে অভিষেক হয় সরফরাজ খানের। ওই টেস্টেই তিনি প্রমাণ করেন কোন ধাতুতে গড়া। দুই ইনিংসেই তুলে নেন ফিফটি। প্রতিরোধ গড়েছিলেন রাঁচি টেস্টের প্রথম ইনিংসেও। এদের সবাইকে ছাপিয়ে গেছেন যশস্বী জয়সওয়াল। ৯৩.৫৭ গড়ে সিরিজে এখন পর্যন্ত রান করেছেন ৬৫৫। পর পর দুই টেস্টে করেছেন ডাবল হান্ড্রেড। খেলাটা টেস্ট হলেও একজন ওপেনার হিসেবে সিরিজে ও ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো চাট্টিখানি কথা নয়।

এজন্যই সিরিজ হেরে মন খারাপের মাঝেও খুশি ইংলিশ দলপতি বেন স্টোকস। তার কাছে এই টেস্টটি দারুণ ছিল। বলেছেন, ‘আমি ক্রিকেটের বিশাল ভক্ত। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। এই সিরিজের সবচেয়ে আশার কথা হলো, ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও কিছু অনভিজ্ঞ অথচ নতুন প্রতিভা দেখতে পেয়েছি। তারা চাপের মধ্যে যে নৈপূণ্য দেখিয়েছে তাতে অনায়াসে বলা যায়, টেস্ট ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল।’

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও প্রশংসায় ভাসিয়েছেন দলের তরুণ তুর্কীদের। সিরিজ হেরে গেলেও আরও একটি টেস্ট বাকি আছে। সেটি জিততে চান স্টোকস। ধর্মশালায় ৭ মার্চ শুরু হবে শেষ টেস্টটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত