বান্দরবানের রুমা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো. সালেহ নামের একজন পর্যটক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। নিহত মো. সালেহ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রুমা-বগালেক সড়কের মুনলাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শাহজাহান।
পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে রুমা-বগালেক সড়কের মুনলাইপাড়া এলাকায় বগালেকগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক মো. সালেহকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত আজাদকে (৩৯) বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত পর্যটকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
