বাড়ির সীমানায় ময়লা ফেলার বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে খুরশীদ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খুরশীদ আলম উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। আটকরা হলেন, একই গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো. শহীদুল্লাহ (৬৫) তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) ও ফোরকানের নেছা (৩৩)।

পুলিশ জানায়, সকালের দিকে খুরশিদ আলম ও তার প্রতিবেশী শহীদুল্লার সঙ্গে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও ময়লার কারণে জমে থাকা পানিতে সৃষ্ট সমস্যাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করে। আঘাতের ফলে খুরশীদ আলম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যান।  এ বিষয়ে জানতে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সনদ বড়ুয়া জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত