মোহামেডানকে হেসেখেলে হারালো মেরিনার্স

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

'এ' গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে গিয়েছে ক্লাব কাপ হকি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়ংস ক্লাব। মঙ্গলবার তারা মৌসুমে প্রথম দেখায় মোহামেডানকে নাস্তানাবুদ করে তুলে নিয়েছে ৫-১ গোলের জয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও হল্যান্ড থেকে খেলোয়াড় উড়িয়ে এনেও মেরিনার্সের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে মোহামেডানকে।

মেরিনার্সের তিন ভারতীয় বলতে গেলে ব্যবধান গড়ে দিয়েছে। ঢাকার জল-হাওয়ার সঙ্গে আগেই থেকেই পরিচিত প্রদিপ মোর, অজয় যাদব, দীপকরা ছকে বাঁধা হকি খেলে মোহামেডানকে ছন্নছাড়া করে তোলেন। অন্যদিকে দু'দিন আগে ঢাকায় এসে ঠিক মানিয়ে উঠতে পারেননি মোহামেডানের ভিনদেশীরা। ম্যাচের অস্টম মিনিটে লিড নেয় মেরিনার্স। সার্কেলের বাইরে থেকে অজয়ের হিট দিক পরিবর্তন করে জালে পৌঁছে দেন প্রদিপ মোর। পরের মুহূর্তেই অবশ্য পিসির সুযোগ কাজে লাগিয়ে গোল করে মোহামেডান। রাসেল মাহমুদ জিমির হিট থামিয়েছিলেন শিশির। তাতে নিউজিল্যান্ডের কার্ল আলরিচের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক জালে জড়ায়। তবে পরের মিনিটেই লিড পুনরুদ্ধার করে মেরিনার্স। স্ট্রাইকিং সার্কেল থেকে মাঈনুল ইসলাম কৌশিক জোড়ালো হিট রুখতে পারেননি মোহামেডান কিপার নুরুজ্জামান।

সোহানুর রহমান সবুজের আক্রমণ

তৃতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে ৩-১ করে মেরিনার্স। এবার ডান দিক থেকে অজয়ের বাড়ানো পাস ধরে সময় নিয়ে রিভার্স হিটে দর্শনীয় গোল করেন মিলন হোসেন। এর পাঁচ মিনিট পর প্রথম পিসির সুযোগ কাজে লাগিয়ে লিড আরো বাড়িয়ে নেয় মেরিনার্স। গোল করেন সোহানুর রহমান সবুজ। আর ৫০ মিনিটে সার্কেলের বাইরে থেকে কৌশিকের ফ্লিক জালে জড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স। 

২৯ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনালে মেরিনার্স 'বি' গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে। আর মোহামেডান খেলবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। 'বি' গ্রুপের শেষ ম্যাচে আজ কিছুক্ষণ পর মুখোমুখি হবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা আবাহনী ও উষা ক্রীড়া চক্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত