সাবেক এমপি গিয়াসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে তা অনুমোদন দেওয়া হয়। দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হকের সই করা চিঠির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তদন্ত কর্মকর্তা দ্রুত আদালতে তা দাখিল করবেন বলে গতকাল বৃহস্পতিবার সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা  নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দিন অষ্টম সংসদে বিএনপিদলীয় এমপি ছিলেন। 

দুদক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি করেন। মামলায় ১ কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিল। তবে অনুমোদিত চার্জশিটে টাকার অঙ্ক কিছুটা কমেছে বলে জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ২ নভেম্বর মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেওয়া হয়। পরে ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে গিয়াস উদ্দিনের নামে ১৫ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা অস্থাবর সম্পদসহ মোট ২০ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত