নির্বাচন শেষ হয়েছে দায়িত্ব শেষ হয়নি : সিইসি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন শেষ হয়ে গেছে বলেই দায়িত্ব শেষ হয়েছে এমন নয়। আগামীতে যারা আসবে, তাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করে যেতে হবে। আজকের গণতন্ত্র, আদর্শিক গণতন্ত্র। গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে ভোটের ব্যবস্থাটাকে চালু রাখতে হবে। সেদিক থেকে নির্বাচন কমিশনের ওপর বড় দায়িত্ব রয়েছে। গতকাল শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিইসি। এবার জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’।

সিইসি বলেন, ‘আমরা স্বাধীন। অনেক ক্ষেত্রে আমাদের স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে। স্বাধীনভাবে কথা বলতে হবে। তবে যারা শক্তিশালী, তারা অন্যের স্বাধীনতা খুব বেশি পছন্দ করতে চান না।’ তিনি বলেন, ‘ভোটকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়েছিল বঙ্গবন্ধুর ডাকে। আমরা স্বাধীনতা পেলাম। এরপর সংবিধান পেলাম, যেখানে নির্বাচনের বিষয়টা আছে। নির্বাচন করতে গেলে ভোটারের প্রয়োজন হয়। ভোটার দিবসের একটি বড় লক্ষ্য হলো ভোটারকে উজ্জীবিত করা, তারা যেন বুদ্ধিমত্তার সঙ্গে স্বাধীনভাবে ব্যালটের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করতে পারেন এবং তাদের পছন্দের প্রতিনিধিরা যাতে নির্বাচিত হয়ে এসে সরকার গঠন করে সেটাই লক্ষ্য।’

সিইসি বলেন, এনআইডির গুরুত্ব অনেক বেড়েছে। এটা এখন অপরিহার্য। এনআইডি সংক্রান্ত বিভিন্ন জটিলতা এখন অনেকটাই সুষ্ঠু অবস্থায় এসে পৌঁছেছে। সম্পত্তি বেহাত করার জন্য যে এনআইডি কার্ড করা হয়, আমি হয়তো ভুল করে দিতে পারি, কিন্তু সচেতনভাবে অপরাধের সঙ্গে অংশ হিসেবে যদি এটা আমরা করে থাকি, তাহলে আমাদের টলারেন্স জিরো হবে। আমরা ওই ধরনের কর্মকর্তাদের পুলিশে হস্তান্তর করতে দ্বিধান্বিত হব না।

ভোটার তালিকার সর্বশেষ হালনাগাদের তথ্য জানিয়ে সিইসি বলেন, বর্তমানে দেশে মোট ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে অন্য চার কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত