ওয়ানডে ক্রিকেটে ঘটেছে তাক লাগানো ঘটনা। ৫০ ওভারের এ সংস্করণে ট্রিপল সেঞ্চুরি করেছেন জশ অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার স্কুল ক্রিকেটে এ কীর্তি গড়েন তিনি। অ্যান্ডারসন তার স্কুল ট্রিনিটিহাউজ র্যান্ডপার্ক রিজের অনূর্ধ্ব-১৪ এ দলের ব্যাটসম্যান। সেন্ট জনস কলেজ অনূর্ধ্ব-১৪ বি দলের বিপক্ষে ম্যাচে ১৬২ বলে অপরাজিত ৩৫৭ রানের ইনিংস খেলেন অ্যান্ডারসন। ৫০ ওভারের ক্রিকেটে এর আগে কেউ ট্রিপল সেঞ্চুরি করেননি।
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হয়েছে এখনো পর্যন্ত ১১ বার। সর্বোচ্চ ২৬৪ রান করেছেন রোহিত শর্মা। অ্যান্ডারসনের ৩৫৭ রানের এই ইনিংসে ৬৫টি চারের সঙ্গে ছিল ২৩টি ছক্কার মার। এ রান করার পর ৩৯ ওভারের সময় রিটায়ার করে দলের অন্যদের ব্যাটিং করার সুযোগ করে দেন।
৫০ ওভার শেষে তার দল সংগ্রহ দাঁড় করায় ৯ উইকেটে ৫৯১ রানের। রান। জবাবে খেলতে নেমে সেন্ট জোনস মাত্র ১৮৭ রানে গুটিয়ে গেছে। যেখানে ক্রিশ্চিয়ান স্পার্কস একাই শিকার করেছেন ৭ উইকেট।
অ্যান্ডারসনের কোচ থাবানে মোয়ো বলেন, ‘এটি একটি নিয়ন্ত্রিত ইনিংস ছিল, জোর করে বিধ্বংসী কিছু করতে চায়নি অ্যান্ডারসন। পুরো ইনিংসে সে দারুণ ব্যাটিং করেছে।’
গত বছর গুটেং লায়নস অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ছিলেন অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার হয়ে গত বছর ইনডোর ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
