আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণে অভিযান শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়। প্রথম দিনে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চারটি বাণিজ্যিক ভবনের রেস্টুরেন্টসহ ৮টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। চিঠিতে দেড় মাসের মধ্যে আবাসিক ভবন থেকে রেস্টুরেন্ট অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সিলগালা করার হুঁশিয়ারি দেওয়া হয়।
কেডিএর সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) শবনব সাবা জানান, কেডিএ অ্যাপ্রোচ রোড, ইসলাম সড়ক ও নিউ মার্কেটের আশপাশের ৪টি ভবনে অভিযান চালানো হয়। কিন্তু ভবন গুলোতে ফায়ার সেফটি প্লান ছিল না। অল্প কয়েকটি ফায়ার এক্সটিং গুইসার ছাড়া আর কোনো ব্যবস্থা কেউ রাখেনি। এগুলোও নতুন কেনা হয়ত। তবে কীভাবে চালাতে হয় তাও অনেকে জানেন না। জরুরি নির্গমন পথও ছিলো না ভবনে।
তিনি বলেন, কেডিএ আগে থেকে ভবন মালিকদের সতর্ক করছে। যার প্রেক্ষিতে পর্যায়ক্রমে ইমরাত আইনের লঙ্ঘনের কারণে ইতোমধ্যে ৬৬টি ভবনের মালিককে নোটিশ করা হয়। ওই সব ভবন ক্রটিমুক্ত না করলে প্রয়োজনে সিলগালা করা হবে।
অভিযানে ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. হাবিবুল্লাহ, কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান, ইমরাত পরিদর্শক মাহবুবুর রহমান, আবদুল হান্নান, হাসিব পিয়াসসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
