সাতক্ষীরায় নির্মাণাধীন সেতু থেকে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল ৬টার দিকে আশাশুনি উপজেলার দরগাহপুরে একটি নির্মাণাধীন সেতুতে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন— কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কর্ণেল ঘোষ। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি আরও জানান, সকালে তিন যুবক মোটরসাইকেলে সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা থাকায় সেতুটির শেষপ্রান্ত তারা না দেখতে পেলে সোজা খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুজন মারা গেছে। এছাড়া গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
