ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. শাকিল আহমেদকে (৩৯) আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ক্ষমতা অপব্যবহারসহ এক কোটি ৭১ লক্ষ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের চাউল এবং ৩৮০টি খালি বস্তা আত্মস্বাতের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (৬ মার্চ) বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-সহকারি পরিচালক মো. আনিসুর রহমান বাদি হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীনের কাছে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শাকিল আহম্মেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত মুক্তাগাছা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দ্বায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর তাকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বদলি করা হয়। কিন্তু ওই বছরের ১৯ অক্টোবরের মধ্যে তাকে দায়িত্ব হস্থান্তরের নির্দেশনা দেওয়া হলেও আসামি তা পালন না করে গা ঢাকা দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে ওই গুদামে ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাউল এবং ৩৮০টি খালি বস্তা ঘাটতি পায়। এতে সর্বমোট এক কোটি ৭১ লক্ষ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মস্বাতের অভিযোগ উঠে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-সহকারি পরিচালক মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ৭১ লক্ষ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের চাউল এবং ৩৮০টি খালি বস্তা আত্মস্বাতের অভিযোগে মো. শাকিল আহমেদকে আসামি করে মামলা করা হয়েছে।
