লাগেজ খুলতেই বের হল রেড পান্ডাসহ ৮৭ প্রাণী

  • বিভিন্ন প্রজাতির সাপ, টিয়া পাখি, বড় টিকটিকি, লাল পান্ডাসহ ৮৭টি প্রাণী পাচার করা হচ্ছিল
  • অভিযোগ প্রমাণিত হলে আটককৃত ছয় ভারতীয়র সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি লাগেজ তল্লাশি করে রেড পান্ডাসহ ৮৭টি পশু-পাখি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃত সবাই ভারতীয় নাগরিক।

বুধবার (৬ মার্চ) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ছয়জন ভারতীয় নাগরিকদের লাগেজ থেকে এসব পশু-পাখি উদ্ধার করা হয়। খবর বিবিসি।

বিবিসি জানায়, ওই ছয় যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন প্রজাতির সাপ, টিয়া পাখি, বড় টিকটিকি থেকে শুরু করে লাল পান্ডাসহ একে একে বেরিয়ে আসে ৮৭টি পশু-পাখি।

থাইল্যান্ডের শুল্ক কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা এসব পশু-পাখি পাচারের উদ্দেশ্যে ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রাণি পাচারের অভিযোগ প্রমাণিত হলে আটককৃত ছয় জনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

উদ্ধার করা পশু-পাখির কয়েকটি ছবি প্রকাশ করেছে থাই শুল্ক বিভাগ। সেসব ছবিতে ঝুড়ির ভেতর একটি লাল পান্ডাকে দেখা গেছে। প্লাস্টিকের কনটেইনারের ভেতরে ছিল টিয়া পাখি ও কাপড়ের ব্যাগের ভেতর কাপড়ে জড়িয়ে রাখা ছিল নানা প্রজাতির সাপ।

সারাবিশ্বে বন্যপ্রাণি পাচারের অন্যতম পরিবহনকেন্দ্র থাইল্যান্ড। পাচার করা এসব প্রাণি সাধারণত চীন ও ভিয়েতনামে বিক্রি করা হয়। তবে ভারতে পাচারকৃত বন্যপ্রাণির বাজারও বড় হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত