ভুল চিকিৎসায় স্থপতি রাজীব আহমেদের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:৫৬ এএম

চর্মরোগের চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসায় স্থপতি রাজীব আহমেদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে দোষী চিকিৎসকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাজীবের স্ত্রী স্থপতি সারাওয়াত ইকবালের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান। তিনি বলেন, দেড় বছর ধরে রাজীব চর্মরোগের চিকিৎসা নিচ্ছিলেন। নতুন ওষুধ সেবন শুরুর করার ৯ দিনের মাথায় প্রচণ্ড পেটব্যথা নিয়ে রাজীব একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে দুটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ওই হাসপাতালে অবস্থা খুব খারাপের দিকে যাওয়ায় এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা না পাওয়ায় এক দিন পর তাকে বেসরকারি আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আরও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়ায় কিডনি অকার্যকর হয়ে বোধহয় রাজীবের অকাল মৃত্যুকে ত্বরান্বিত করেছে। সংবাদ সম্মেলনে রাজীবের স্ত্রীর বড় ভাই ডা. আরেফ উদ্দিন,  রাজীবের ছোট বোন তানিয়া শবনম, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মাহমুদুল ইসলাম জগলুল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত