দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকল উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নাটোরে কর্মরত সাংবাদিকরা। কারাদণ্ড দেয়ার ঘটনায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) অপসারণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
গত মঙ্গলবার নকলা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে সাংবাদিক শফিউজ্জামান রানাকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠান।
এই ঘটনায় রানার মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন নাটোরে কর্মরত জেলা ও উপজেলা প্রতিনিধিরা। তারা বলেন রানাকে আগামী রবিবারের মধ্যে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সাংবাদিক রানাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ ও রানার মুক্তির দাবি জানিয়েছেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. নাজমুল হোসেন, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. অহিদুল হক, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী, গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মাজেম আলী, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকমীর্রা।
সাংবাদিক নেতারা বলেন, সরকার অবাধ তথ্য প্রচারের জন্য তথ্য অধিকার আইন করেছে। এই স্বাধীন দেশে তথ্য চাওয়া নাগরিক অধিকার। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি যা করেছেন, তা অন্যায়। নাটোর থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকল উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার মুক্তির দাবি দাবি করছি।
