পাঁচ নারীকে বিশেষ সম্মাননা দিল ঢাবি ছাত্রলীগ

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উদ্দীপনে অঙ্গনা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারীকে বিশেষ সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ, দেশ টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট এবং বাংলাদেশ টেলিভিশনের টকশো উপস্থাপিকা অতসী সেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার রেহানা আক্তার, দেশী শাড়ি তৈরিকারী প্রতিষ্ঠান ক্রাফটিকের স্বত্বাধিকারী মাহবুবা নূর এবং বিউটি কেয়ার সম্পর্কিত নারীদের সেবা প্রতিষ্ঠান 'গ্ল্যাম আপ বাই ইশরাত ' এর উদ্যোক্তা ইশরাত শোভা।

আজ শুক্রবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এবং ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ উইমেন স্টুডেন্টস ফোরাম এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে পাঁচ নারীকে বিশেষ সম্মাননার পাশাপাশি দশ শিক্ষার্থীকে 'লীলা নাগ স্মারক বৃত্তি' প্রদান করা হয়। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা, আলোক প্রজ্জ্বলন, বিতর্ক ও সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নারী শিল্পী ও নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে কনসার্ট ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) আরিফুল হোসেন তুহিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত