গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা বাইডেনের

  • সম্প্রতি রোজা শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে প্রত্যাশা জানিয়েছিলেন বাইডেন
  • তবে রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মনে করছেন তিনি
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:৪৭ পিএম

রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন বাইডেন। খবর আল জাজিরা।

কয়েকদিন আগেই রোজা শুরুর আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে প্রত্যাশা জানিয়েছিলেন বাইডেন। পবিত্র রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে বলেও সতর্ক করেছিলেন তিনি। তবে কয়েকদিনের মধ্যেই সুর পাল্টালেন বাইডেন।

বাইডেন জানিয়েছিলেন যে, বর্তমান যুদ্ধবিরতির চুক্তি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে। যদিও যুদ্ধবিরতির বিষয়ে একে অপরকে দুষছে ইসরায়েল ও হামাস।

এদিকে অনাহারের কারণে অপুষ্টিজনিত ও পানিশূন্যতায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে গাজার উত্তরাঞ্চলে। এনিয়ে সেখানে এই সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত