জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আজ বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। করেছেন একটি অ্যাসিস্টও। কেইনের হ্যাটট্রিকের ম্যাচে বায়ার্ন ৮-১ গোলে হারিয়েছে মেইঞ্জকে।
বায়ার্নে নিজের প্রথম মৌসুমে বুন্দেসলিগাতে এটি কেইনের চতুর্থ হ্যাটট্রিক। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক মৌসুমে চার হ্যাটট্রিক এবং অন্তত ৮ ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন কেইন।
বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৩৬ গোল কেইনের। শুধু জার্মান লিগে ২৫ ম্যাচে তার গোল হলো ৩০টি।
আজ ঘরের মাঠে কেইন গোলের শুরুটা করেন ১৩ মিনিটে। প্রথমার্ধের যোগকরা সময়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। আর ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ। এছাড়া বায়ার্নের হয়ে জোড়া গোল করেন লেওন গোরেৎজকা। একটি করে গোল করেন থমাস মুলার, সার্জ নাব্রি ও জামাল মুসিয়ালা। মুসিয়ালার গোলে অ্যাসিস্ট করেন কেইন।
২৫ ম্যাচে ৫৭ পয়েন্টে দুইয়েই রইলো বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্টে শীর্ষে লেভারকুসেন।
