'আমি খুব শিহরিত ছিলাম, যখন আমাদের সামনে ট্রফিটা আনা হয় (ফটোসেশনের জন্য)। যখন ওটার মোড়ক খোলা হয়, তখন আমি প্রথম দেখেছিলাম। তখন থেকে ভেতরে এই অনুভূতি কাজ করছিল। যখন ট্রফি ধরতে ভারতের অধিনায়ককে বলা হলো, সে কিন্তু ধরেনি, আমি ধরেছিলাম।'
'তখন থেকেই আমার মনে হয়েছে আমি যেহেতু ট্রফিটা প্রথম স্পর্শ করেছি, আমরা দেশে নিয়ে যাব। সতীর্থদেরও আমি এটা বলেছি- ট্রফিটা আমি ছুঁয়েছি, এটা যেন ভারতের কেউ নিতে না পারে। আমি স্বার্থক হয়েছি।'
শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে উচ্ছ্বাসভরা কণ্ঠে বলছিলেন ভারতকে হারিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৬ শিরোপা জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস।
সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপের জন্য অনূর্ধ্ব-১৬ দল নিয়ে কাজ করার তেমন সময় পাননি কোচ সাইফুল বারী টিটু। তাছাড়া অনূর্ধ্ব-১৯ আসরে ভারতের বিপক্ষে ফাইনালে সেই বিতর্কিত কয়েন টসের পর অনেক নাটকীয়তা শেষে শিরোপা ভাগাভাগি করতে হয়েছিল। এবার এককভাবে সেরার মুকুট জিততে পারায় অন্যরকম আনন্দ অনুভব করছেন বাংলাদেশ কোচ।
'এটার আনন্দ অন্যরকম। বিশেষ করে বিদেশের মাটিতে। অনূর্ধ্ব-১৬ দলটা তৈরি করার জন্য হাতে সময় ছিল কম, সে দিক থেকে ওরা যেটা করেছে, অসাধারণ। যেভাবে মেয়েরা পারফরম করেছে, আমি মনে করি, সব কৃতিত্ব তাদের দেওয়া উচিত।'
