লিভারপুলের সঙ্গে ড্র তে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল সিটি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:৫৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অ্যানফিল্ডে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। অ্যানফিল্ডে প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে ম্যানসিটি।

লিভারপুল-ম্যানসিটি ড্র হওয়ায় শীর্ষেই থাকল আর্সেনাল। সমান ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪, লিভারপুলের পয়েন্টও ৬৪। তবে গোল ব্যধধানে পিছিয়ে থেকে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল। এক (৬৩) পয়েন্ট পিছিয়ে তিনে রইল ম্যানসিটি।

অ্যানফিল্ডে ২৩ মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনের কর্নারে অরক্ষিত জন স্টোনস সবাইকে ফাকি দিয়ে টোকায় বল জালে জড়ান। এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছিল পেপ গার্দিওলার দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে লিভারপুল।

দ্বিতীয়ার্ধ শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে সিটির নাথান একে বল দেন নিজ দলের গোলকিপার এডেরসনের উদ্দেশ্যে। তবে বল দখলে নিতে এগিয়ে যান ডারউইন নুনেজ। বল ক্লিয়ার করতে এসে নুনেজকে বক্সে ফাউল করেন এডেরসন।

পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

এডেরসন নুনেজকে রুখতে যেয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। ৫৬ মিনিটে ব্রাজিলিয়ান গোলকিপারকে উঠিয়ে স্টিফেন ওর্তেগাকে নামান গার্দিওলা।

৬১ মিনিটে মোহামেদ সালাহ মাঠে নামান ইয়ুর্গেন ক্লপ। সালাহ নামার পর লিভারপুলের আক্রমণে গতি বাড়ে। ৬৩ মিনিটে সালাহর থ্রু বল থেকে লুইস দিয়াজ‌ সিটি গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ মারলেও তা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

পরের মিনিটেও একটি সুযোগ নষ্ট করেন দিয়াজ। ৬৫ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে অ্যালিস্টারের শট ঝাপিয়ে রুখে দেন সিটি গোলকিপার ওর্তেগা।

চার মিনিট পর জুলিয়ান আলভারেজ ও কেভিন ডি ব্রুইনেকে মাঠ থেকে তুলে নেন গার্দিওলা। আলভারেজের বদলি নামা জেরেমি ডকুর শট ৮৮ মিনিটের সময় পোস্টে না লাগলে ফলাফল ভিন্ন হতে পারতো।

এই দুই দলের প্রথম লেগের ম্যাচটিও ড্র হয়েছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত