রাজধানীর সবুজবাগ আমুলিয়া রোডে দুর্বৃত্তের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাকচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার ভোরে আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন।
আহত ট্রাকচালক মো. আলম জানান, মালিবাগ থেকে ট্রাকে মাটি ভরে বাইকদিয়া এলাকায় যান আলম। ট্রাকটিতে ছিলেন এর মালিক গোলাম ফারুকও।
তখন ৮ থেকে ১০ জনের একটি দল ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপর তারা তাকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে।
ট্রাক মালিক ফারুক জানান, ঘটনার সময় তিনিও সঙ্গে ছিলেন। তবে ভাগ্যক্রমে তিনি গুলি থেকে বেঁচে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আলমকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি সবুজবাগ থানা পুলিশ তদন্ত করছে।
