দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে তথ্য অধিকার আইনে তথ্য না দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদন্ডের ঘটনায় অনুসন্ধান শেষ করেছেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। গতকাল সোমবার সকালে কারাফটকে সাংবাদিক রানার সঙ্গে দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেন তিনি। পরে গত ৫ মার্চের ওই ঘটনার বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নেন। সাংবাদিক রানাকে সাজার নথির অনুলিপি রবিবার রাত ১১টায় নকলা থেকে শেরপুর রেকর্ড রুমে এলেও গতকাল সন্ধ্যার পর তা হাতে পান রানার আইনজীবী। এ কারণে গতকালও আপিল করতে পারেননি আইনজীবী।
এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, শফিউজ্জামান রানাকে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা অনুসন্ধান করছে মানবাধিকার কমিশন। গতকাল বিকেলে রাজশাহী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আপিল করতে না পারার বিষয়ে সাংবাদিক রানার স্ত্রী বন্যা আক্তার বলেন, ‘সাজার নথি নকলা থেকে শেরপুর রেকর্ডরুমে আসে রবিবার রাত ১১টায়। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি। এ কারণে আমরা আপিল করতে পারিনি। আশা করি মঙ্গলবার আপিল করব।’ গতকাল দুপুর সাড়ে ১২টায় অনুসন্ধান শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক।
গতকাল নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন এবং সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফকে তাদের কার্যালয়ে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তবে গতকালও নকলা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন হয়। রানাকে কথিত সাংবাদিক উল্লেখ করে তার বিরুদ্ধে সাজা বহাল রাখার দাবিতে এই মানববন্ধন হয়।
অনুসন্ধান করছে জাতীয় মানবাধিকার কমিশন : রাজশাহী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা বাকরুদ্ধ করার সম্পূর্ণ বিরুদ্ধে। বিভিন্ন সময়ে যেসব সাংবাদিক নিগ্রহের শিকার হয়েছেন, সেগুলোতে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি।’
শফিউজ্জামান রানাকে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা লোক নিয়োগ করেছি। তারা পুরোপুরি তথ্য নেবে এবং মানবাধিকার লঙ্ঘন হলে অবশ্যই আমরা এ ক্ষেত্রে বলব এবং যদি তাকে হয়রানি করা হয়ে থাকে, সেটা অবশ্যই দেখা হবে এবং আমাদের বক্তব্যে সেটা আসবে। যেকোনো সময় যেকোনো মানবাধিকারের লঙ্ঘন যিনিই করে থাকেন, তিনি যে-ই হন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই হতে পারে।’
জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক রানাকে জেল দেওয়ায় প্রতিবাদ অব্যাহত : দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলার প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য চাওয়ায় মিথ্যা অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবারও সারা দেশে মানববন্ধন করেছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা রানার মুক্তি ও দায়ীকে শাস্তির আওতায় আনার দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো খবর :
নেত্রকোনা : প্রেস ক্লাবের সামনের সড়কে গতকাল দুপুর সাড়ে ১২টায় নেত্রকোনা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন হয়।
মানববন্ধনে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি নূরুল আলম কামালের সঞ্চালনায় বক্তব্য দেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি ও দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও সমকাল প্রতিনিধি খলিলুর রহমান শেখ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি পল্লব চক্রবতী, একুশে টিভির প্রতিনিধি মনুরঞ্জন সরকার মনু, মাই টিভির প্রতিনিধি আনিছুর রহমান, চ্যানেল ২৪-এর প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ করায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করা। তথ্য কমিশনের তদন্ত কমিটিকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, নিরপেক্ষ তদন্ত করে সাংবাদিক রানার প্রতি সুবিচারের আহ্বান জানান।
মুন্সীগঞ্জ : প্রেস ক্লাবের আয়োজনে শহরের বঙ্গবন্ধু সড়কে গতকাল আধঘণ্টার মানববন্ধন করে। মানববন্ধন শেষে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সমাবেশে মিলিত হয়। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহসভাপতি গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তথ্য চাওয়ায় একজন সংবাদকর্মীর অধিকার। আর সেজন্য অপরাধ হিসেবে গণ্য করে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেওয়া স্বাধীন সাংবাদিকতার হুমকিস্বরূপ।
দিনাজপুর : বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি গোলাম নবী দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম, দিনাজপুর প্রেস ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক ও নিউজ২৪ প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, দেশ রূপান্তরের দিনাজপুর প্রতিনিধি কুরবান আলী প্রমুখ।
এ সময় সিএনআইয়ের প্রতিনিধি সালাহউদ্দীন আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি মোর্শেদুর রহমান, গণকণ্ঠের প্রতিনিধি রাজু বিশ্বাস, বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি সন্তোষ গুপ্ত, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি রিয়াজুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি মঞ্জুর আলী শাহ, দৈনিক জনকণ্ঠের রানীশংকৈল প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক সাহেব আলীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত ক্যামেরাপারসনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি দেশ রূপান্তরের সাংবাদিক রানা তথ্য অধিকার আইনে তথ্য চাইতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে। তার শেষ ঠিকানা হয়েছে জেলখানা। সরকার স্বাধীন সংবাদপত্র, বাক-স্বাধীনতার কথা বলে আসছে, কিন্তু আমরা দেখছি শুধু সাংবাদিক তথ্য চাইতে গিয়ে কিংবা কাজ করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। গজারিয়ার সাংবাদিক সমাজের আয়োজনে দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ও গজারিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের মো. জসিমউদ্দিন, গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের শেখ নজরুল ইসলাম, দৈনিক মুন্সীগঞ্জের খবরের মহিউদ্দিন আহম্মেদ, দৈনিক সময়ের আলো, বিজয় টিভির আমিরুল ইসলাম নয়ন, দৈনিক নতুন সময়ের নেয়ামুল হক নয়ন, দৈনিক আমাদের সময়ের মো. মোয়াজ্জেম হোসেন জুয়েল, দৈনিক বাংলার সাইফুল ইসলাম শামীম, দৈনিক সভ্যতার আলোর আলমগীর হোসেন, ৭১টিভি ও দৈনিক আজকের পত্রিকার শাহাদাত সায়মন প্রমুখ।
কুমিল্লা : শফিউজ্জামান রানাকে জেলে পাঠানোর ঘটনায় উদ্বেগ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান কুমিল্লা প্রেস ক্লাবের নেতারা। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানান সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সমিতি, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামসহ কুমিল্লার সাংবাদিক সংগঠনের নেতারা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রানার মুক্তি দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন নেতারা।
কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, সারা দেশেই সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে। জেলা ও উপজেলাগুলোতে ইউএনও এবং ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের হয়রানি করেন। প্রশাসনের অনেক অনিয়মের বিষয়ে কথা বলতে গেলেই সাংবাদিকরা তাদের রোষানলে পড়েন।
