প্রার্থনা ও আনন্দ-উৎসবে মৌসুমের প্রথম চা সংগ্রহ শুরু

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০২:১০ পিএম

উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা নিয়ে দোয়া-প্রার্থনা ও নেচে-গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগানে বছরের প্রথম চা পাতা চয়নের (সংগ্রহ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে দলই চা বাগানের ২০ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করেন দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী। এদিন সকালে চা বাগান সেকশনে বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক ও পঞ্চায়েত নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিকরা পূজা-অর্চনা, গীতাপাঠ, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিলসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আনুষ্ঠানিকতা শেষে চা শ্রমিকদের নিয়ে নতুন পাতা চয়ন করা হয়। এরপর নাচে-গানে আনন্দ উৎসবে মেতে উঠেন শ্রমিকেরা।

চা শ্রমিক সারতী সাওতাল, আশা বাউরী, বাসন্তী পাশী বলেন, ‘সকালে পূজা ও প্রার্থনার মাধ্যমে চা পাতা চয়ন শুরু হয়। চা চয়নের পূর্বে নারী চা শ্রমিকরা একটি চা গাছকে উপলক্ষ করে ফুল ও প্রসাদ দিয়ে পূজা করেন। এটাকে তারা বনদেবীর পূজা বলেন। এ পূজা করা হয় চা বাগানের সেকশনের বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পেতে। নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশে তারা চা চয়নে লেগে পড়েন।

দলই চা বাগানের ব্যবস্থাপক মো. আসগর আলী বলেন, ‘আনন্দ উৎসবের মাধ্যমে আমরা মৌসুমের প্রথম চা পাতা উত্তোলনের চেষ্টা করি। আনন্দ উৎসবের মধ্যেও আমাদের মন তেমন ভালো নেই। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশে চায়ের মূল্য নেই। আমরা অনেক চেষ্টা করেও আমাদের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছি না। বাজারে চায়ের মূল্য ঠিক থাকলেও চা অকশনে আমরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছি না। চা বাগানগুলো ও শ্রমিকদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত