রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতাসদস্য খন্দকার মুশতাক আহমেদ দম্পতিকে সমাজে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ না-করার নির্দেশ দিয়েছেন আদালত।
খন্দকার মুশতাক আহমেদের উদ্দেশে আদালত বলেছেন, নিজেদের সফল দম্পতি হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেখানো থেকে বিরত থাকবেন। আপনাদের মাধ্যমে আর কেউ যাতে অ্যাফেক্টেড (প্রভাবিত) না হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) মামলার দুই আসামি খন্দকার মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।
ধর্ষণের অভিযোগে তিশার বাবা সাইফুল ইসলামের করা মামলার শুনানি হয়। এতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন খোন্দকার হাসান শাহরিয়ার।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, এরপর বাদীকে কোনো হুমকি দেওয়া হলে আপনার (মুশতাক) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয় আপনারা সফল কাপল। সমাজের কেউ যেন এর দ্বারা অ্যাফেক্টেড না হয়।
তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো প্রকার ভিডিও-বার্তা আসামিরা দেননি। এমনকি টিকটকও করেন না তারা। তখন বিচারক বলেন, টিকটক করলে সমস্যা নেই। সমাজে খারাপ ইফেক্ট পড়ে এমন ভিডিও না করলে হবে।
এরপর বিচারক আসামিদের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন। আর মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
ভাগের ১৩ টাকা নিয়ে সংঘর্ষে আহত ২২