নেত্রকোণার মোহনগঞ্জে উদ্ধার করা অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহের পরিচয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত হয়েছে। নিহত ওই যুবকের নাম সাইফুল ইসলাম (৩৫)। তিনি ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার আব্দুস সামাদের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার তেতুলিয়া গ্রামের দেওয়াজান বালুর চর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তেতুলিয়া গ্রামের পূর্ব পাশে দেওয়াজান বালুর চরের পাশ দিয়ে হাওরে যাচ্ছিল। এ সময় তারা চরের মধ্যে একটি মানুষ পড়ে থাকতে দেখেন। লোকটিকে দুর্বৃত্তরা জবাই করে তার পরনের জামা-কাপড় খুলে তাতে আগুন ধরিয়ে মুখটি পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা মোহনগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে।
পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। নিহত সাইফুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আব্দুস সামাদের ছেলে।
যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তে জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া প্রস্তুতি চলছে।
নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পিআইবি) শাহীনুর কবির জানান, ক্রাইমসিন ঘটনাস্থলে পৌঁছে তথ্য প্রযুক্তির সাহায্যে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত সাইফুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আব্দুস সামাদের ছেলে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পিবিআই কাজ করছে।
