হাওরে যুবককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৫:০০ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে যুবককে গলা কেটে হত্যার ক্লুলেস মামলার মূলহোতা অন্তর আহমেদ শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে সুলতানপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্তর জেলার খালিয়াজুরী উপজেলার সুলতানপুর গ্রামের সালেক মিয়া ছেলে। অন্তরের বাড়ি থেকে নিহত সাইফুলের মোটরসাইকেলও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন অন্তর।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) লুৎফর রহমান জানান, নিহত সাইফুল ইসলাম ঢাকায় মোটিরসাইকেল রাইড শেয়ারিং করতেন। গত বুধবার তিনি ঢাকা থেকে মোটরসাইকেল ভাড়ার চুক্তিতে মাসুক ও ফয়সাল নামে দুই যুবককে নিয়ে নেত্রকোণা আসেন। পরদিন মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের হানবীর তেল্লা বালুচরে সাইফুলের গলাকাটা ও মুখমণ্ডল আগুনে পোড়া লাশ পাওয়া যায়। মোহনগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ফিংগার প্রিন্টের সহায়তায় নিহতের পরিচয় সনাক্ত করে আসামিকে গ্রেপ্তারে তৎপর হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্তর আহমেদ শান্তকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আটক অন্তরকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে অন্য জড়িতদের নাম প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে অন্তর জানান, তিনি এবং জড়িত অন্য সহযোগীরা ১০ দিন ধরে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। গত বুধবার অন্তর ও অন্য সহযোগীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে এসে সাইফুলকে হত্যা করে লাশ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার অন্তরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত