কালিয়াকৈরে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:০৩ এএম

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে সোলাইমান মোল্লা (৪৫) নামের একজন মারা গেছেন। এই ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে ৩০ জন।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান সোলাইমান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু। তিনি জানান, সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তার ছেলে আকাশ মোল্লা জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটবায়রা গ্রামে। কালিয়াকৈর ভাড়া থাকতেন এবং ভাঙ্গারীর ব্যবসা করতেন। যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে দাঁড়িয়ে ছিলেন তার বাবা। বিস্ফোরণে তার প্রায় পুরো শরীর পুড়ে যায়।

এ ঘটনায় সোলাইমানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০), শিল্পীর দুই ছেলে নুরনবী নিলয় (৩) ও নিরব (৭) দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, আজিজুল নামে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন ৩০ জন ভর্তি আছেন।

গত বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শফিক খানের বাসা-বাড়িতে এই ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ওই আগুনে দগ্ধ হন শিশু, নারী-পুরুষসহ ৩৬ জন। এদের মধ্যে গুরুতর কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।

এদিকে ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে। অন্য দুই সদস্য হলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত