জনগণকে নিয়ে লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:০৭ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গুলশান লেকের পাশেই গুলশান জামে মসজিদ। এ মসজিদের মুসল্লিরা আমাকে বারবার জানিয়েছেন লেকের দূষিত পানির দুর্গন্ধ মসজিদে আসে। দুর্গন্ধে টেকা যায় না। গুলশান ও বারিধারা সোসাইটির নেতারা জানিয়েছেন, তারা নিজেরা এই লেক পরিষ্কারে অংশ নিতে চান। তাই কমিউনিটিকে সম্পৃক্ত করতে জনগণকে নিয়ে লেক পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।

গতকাল শনিবার ডিএনসিসি ও গুলশান সোসাইটি যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, গুলশান ও বারিধারা লেক মূলত রাজউকের অধীনে আছে। তাদের আমি চিঠি দিয়েছি, এগুলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে দিয়ে দেওয়া হোক। কিন্তু এই লেক এখনো রাজউকের অধীনে রয়ে গেছে। সিটি করপোরেশনকে দেওয়া হয়নি। রাজউক হস্তান্তর করুক আর না করুক, সেটি নিয়ে চিন্তা না করে পরিষ্কার অভিযান শুরু করেছি। এ অভিযানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে গুলশান সোসাইটি, স্যার জন উইলসন স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল, স্কলাস্টিকা স্কুল, দিল্লি পাবলিক স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, সানিডেল স্কুলসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জাগো ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের প্রায় ৪০০ জন অংশ নেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গুলশান মসজিদের সামনে লেকের অবস্থা খুবই খারাপ। এই এলাকার মলমূত্র সব এখানে ফেলা হয়। এটি মেনে নেওয়া যায় না। এই লেকে মাছের চাষ হয় না, মশার চাষ হচ্ছে। আমি চাই এই লেকে শিশুরা খেলবে। ওয়াটার ট্যাক্সি চলবে, আরও আধুনিক যন্ত্র থাকবে, যা দিয়ে তারা খেলবে। কিন্তু পানি হয়ে আছে শতভাগ দূষিত। এখানকার কোনো মানুষ এই লেক থেকে উপকৃত হচ্ছে না। গুলশান এলাকার মানুষের জন্য ঈদ উপহার হিসেবে ডিএনসিসি এই লেক পরিষ্কার করে দিচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমার মনে হয়, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নিই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার সুযোগ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার। আমরা রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে ডাকব। একটা সমন্বয় করে কাজগুলো করতে হবে। এটা আমি করব।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, মাত্র নয় মাসের ব্যবধানে আমি এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছি। নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার আমার কাছে তুলে ধরা হয়েছিল, সেটি হলো লেকগুলো পরিষ্কার করতে হবে। শুধু গুলশানের নয় এমনকি কালাচাঁদপুরে যে লেক আছে, বারিধারার পেছন দিকে যে লেক আছে, এর বাইরেও অনেকগুলো লেক আছে যেগুলো পরিষ্কার করা দরকার। আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে শুধু লেকগুলো পরিষ্কার হবে তাই নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।

জানা গেছে, সকাল ১০টায় গুলশান-৬৩ নম্বর রোডের গুলশান জামে মসজিদের পাশ থেকে লেক পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের সঙ্গে মেয়র আতিকুল ইসলাম পরিচ্ছন্নতা কাজে সশরীরে অংশ নেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান ও গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত