জেনে রাখা ভালো : চলছে সংযমের মাস রমজান। ধনী তথা সামর্থ্যবানদের গরিবের কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা ও অভাব বোঝানোর মাস। আমার প্রতিবেশী কি ইফতারে তৃপ্ত হচ্ছে? প্রতিবেশীর হক কতটুকু আদায় করতে পারছি? মাগফেরাতের দশকে আমরা আল্লাহ এবং মানুষের মাঝে সর্বাগ্রে প্রতিবেশীর কাছে কতটুকু দাবিমুক্ত?
কোরআন থেকে : ‘(জাহান্নামিকে জিজ্ঞেস করা হবে) কোন বিষয়টি তোমাদের ছাকার নামক জাহান্নামে ঠেলে দিয়েছে? (তারা বলবে) আমরা নামাজ পড়তাম না এবং দরিদ্রকে খাবার খাওয়াতাম না।’ সুরা মুদ্দাসসির, আয়াত ৪২-৪৪
হাদিস থেকে : হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মহান আল্লাহর কাছে সঙ্গীদের মধ্যে উত্তম সঙ্গী হলো সেই ব্যক্তি, যে তার নিজের সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর দৃষ্টিতে প্রতিবেশীর মধ্যে উত্তম প্রতিবেশী হলো সেই প্রতিবেশী, যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম।’ তিরমিজি
করব : প্রতিবেশীর সঙ্গে সদাচরণ।
ছাড়ব : সুদ লেনদেন করা বা তাতে সাক্ষী থাকা।
মাসআলা : যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। ফাতহুল কাদির : ২/৩৪৭
ভুল ধারণা : কানে বা চোখে ড্রপ দিলে, ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়। এগুলোও ভুল ধারণা। শুধু খাবার গ্রহণ ও স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙে যায়।
আমল : পবিত্র কোরআনুল কারিমের ষষ্ঠ পারা তেলাওয়াত। প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে।
সুসংবাদ : ‘রমজান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।’
উপকারিতা : রমজান মাসে রোজা রাখার কারণে পাকস্থলী ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে যায়। ফলে অতিরিক্ত ওজন বাড়ার ঝুঁকি থাকে না।
দোয়া : প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচতে এই দোয়া পড়া, ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন জারিস সু’ই, ওয়া মিন জাউজিন তুশাইয়িবুনি কবলাল মাশিবি, ওয়া মিঁউ ওয়ালাদিঁই ইয়াকুনু আলাইয়া রাব্বান, ওয়া মিম মালিঁই ইয়াকুনু আলাইয়া আজাবান, ওয়া মিন খালিলিম মাকিরিন আইনুহু তারানি, ওয়া কলবুহু তারআনি, ইন রাআ হাসানাতান দাফানাহা, ওয়া ইন রাআ সাইয়িয়াতান আজাআহা।’
