ট্রেনের বগি পড়ে ঘরহারা দম্পতিকে নতুন ঘর করে দেবেন ইউএনও

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:৪৯ এএম

কুমিল্লা নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি পড়ে ঘরহারা বৃদ্ধ চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতিকে নতুন ঘর করে দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। সেই সঙ্গে আর্থিক প্রণোদনা দেওয়ারও আশ্বাস দেন তিনি ওই বৃদ্ধ দম্পতিকে।

গতকাল রবিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ঢালুয়া ইউপির তেজের বাজার গ্রামের চাঁন মিয়া ও তার স্ত্রী মনোয়ারা নিজ ঘরের পাশে বসে কাজ করছেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের একটি বগি ছিটকে এসে ঘরের ওপর পড়ে ঘর ভেঙে যায়। এই খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন তাদের নতুন ঘর করে দেওয়ার ঘোষণা দেয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির সঙ্গে দেখা করেছি। তাদের সঙ্গে কথা বলেছি। বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে তাদের ঘরের ওপর পড়ে। এসময় তাদের ঘরটি ভেঙে যায় এবং ঘরের ভেতরে থাকা সব কিছু চুর্ণবিচুর্ণ হয়ে যায়। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে আগামী ২ দিনের মধ্যে তাদের আমরা ঘর দেব। পাশাপাশি তাদের আর্থিক প্রণোদনাসহ ১০টি হাঁস, ১০টি মোরগ এবং দুটি ছাগল কিনে দেওয়া হবে।

উল্লেখ, রবিবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা নাঙ্গলকোট ঢলিয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত একটি বগি চাঁন মিয়া ও মনোয়ারা দম্পতির ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত