১৫ দিনে ১০২ কোটি ডলারের রেমিট্যান্স

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

প্রতি বছরই রমজান মাসে অন্যান্য সময়ের তুলনায় রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। রোজার শুরু থেকেই বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১০২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) যার পরিমাণ ১১ হাজার ২০৮ কোটি টাকা। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার (১০১৮ দশমিক ৯৮ মিলিয়ন)। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, ৩১ কোটি ৮২ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ৩১ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৯৮ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকে ৫ কোটি ৮৯ লাখ ডলার। এছাড়া উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে সাউথইস্ট ব্যাংক ৪ কোটি ৫৯ লাখ ডলার, আল আরাফা ইসলামী ব্যাংকে ৩ কোটি ৮৫ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৫১ লাখ ডলার, এনসিসি ব্যাংক ২ কোটি ৯৯ লাখ ডলার, ঢাকা ব্যাংক ২ কোটি ৬৯ লাখ ডলার ও ইস্টার্ন ব্যাংক ২ কোটি ৬৭ লাখ ডলার। আর সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে জনতা ব্যাংকে ৭ কোটি ৪৩ লাখ ডলার।    

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত