গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর ও হাউজ অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান সমস্যা নিরসন ও কাজে গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।
রাজউকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় রাজউকের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে পর্যাপ্ত বনায়ন, পার্ক, খেলার মাঠ, শিশুপার্ক ও জলাধার সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর/সংস্থার কাজে গতিশীলতা বৃদ্ধি, ও যথাযথ নিয়ম মেনে দ্রুততম সময়ে কাজ নিস্পন্ন করার মাধ্যমে একটি জনবান্ধব ও স্মার্ট মন্ত্রণালয় গড়ে তোলার আশা প্রকাশ করেন।
সভায় নগর উন্নয়ন অধিদপ্তর ভূমির সর্বোত্তম ব্যবহার ও পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে জনবল সংকট, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। গণপূর্তমন্ত্রী এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একইসঙ্গে অধিদপ্তরের কাজে গতিশীলতা বাড়ানোর জন্য যা কিছু করা দরকার তা দ্রুততম সময়ের মধ্যে নিস্পন্ন করতে নির্দেশ দেন।
মন্ত্রী হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এইচবিআরআইয়ের প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলামসহ সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাংশায় সেতু নির্মাণের কাজ বন্ধ, যাতায়াতে দুর্ভোগ
রাজধানীর ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না কাল