সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আনা মামলায় সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বিথী।
এর আগে গত ১৮ মার্চ তার জামিন নামঞ্জুর করেছিলেন ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলম। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে রুহুল কুদ্দুসকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। সেই রিমান্ড শেষে ১৪ মার্চ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে পাঠানো হয়।
