পাকিস্তানের বেলুচিস্তানের খোস্ত এলাকায় বেসরকারি একটি কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শ্রমিকরা প্রায় ৮০০ ফুট গভীরে আটকা পড়েছিলেন। উদ্ধার তৎপরতা চালানোর পর গতকাল বুধবার সকালে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
বেলুচিস্তান প্রদেশের খনি বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ শাওয়ানি বলেন, ‘প্রাথমিক প্রতিবেদন বলছে, মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে।’ দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও দরিদ্রতম প্রদেশ হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর।
পাকিস্তানের খনিগুলোতে কাজের পরিবেশ বিপজ্জনক। প্রদেশটির কয়লাখনি শ্রমিক ফেডারেশনের প্রধান লালা সুলতান বলেন, ‘এই দুর্ঘটনা বেলুচিস্তানে প্রথম নয়, এবং শেষও হবে না।’
