ফিনল্যান্ড সবচেয়ে সুখী, বাংলাদেশ পেছাল ১১ ধাপ

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৩:১১ এএম

টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ডের নাম। তবে গতবারের মতো এ বছরও সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। আন্তর্জাতিক সুখ দিবসের প্রাক্কালে প্রতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে সুখী দেশের এ তালিকা প্রকাশ করা হয়। গতকাল বুধবার প্রকাশিত এ বছরের তালিকায় বাংলাদেশ রয়েছে ১২৯তম অবস্থানে। আর ১৪৩টি দেশের তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।

এই তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। সে হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান ১১ ধাপ পিছিয়েছে। গতবারের আগের বছর অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশ ছিল তালিকার ৯৪ নম্বরে। অর্থাৎ দুই বছরের মধ্যে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয়েছে ৩৬ ধাপ।

এ বছরের তালিকায় নরওয়ে ছাড়াও যথারীতি ওপরের দিকে রয়েছে নরডিক অঞ্চলের দেশগুলো। প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে এ অঞ্চলের আরও তিনটি দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এ ছাড়া সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েলের নাম। নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে।

এক দশকেরও আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দুটির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম।

তালিকায় বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম ও শ্রীলঙ্কা ১২৮তম, আফগানিস্তান ১৪৩তম অবস্থানে। আফগানিস্তানের এ অবস্থান তালিকার সর্বনিম্নে। ২০২১ সালে পশ্চিমা মদদপুষ্ট আশরাফ ঘানি সরকারকে হটিয়ে দেশটির শাসনক্ষমতায় আসে তালেবান। এরপর থেকেই দেশটি এক নজিরবিহীন মানবিক সংকটে পড়ে রয়েছে।

সুখী দেশের এ তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।

চলতি বছরের রিপোর্টে দেখা গেছে বিশ্বের অধিকাংশ জায়গায় বয়স্কদের তুলনায় তরুণরা বেশি সুখী। তবে সব অঞ্চলে নয়। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৩০ বছরের নিচের বয়সীদের সুখের মাত্রা নাটকীয়ভাবে নিচে নেমে গেছে। সে তুলনায় বয়স্করা এসব দেশে বেশি সুখী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত