একদিন পরেই আবার সাদা পোশাক গায়ে জড়াবেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটের পয়া মাঠে নামবেন শান্তরা। তার আগে শেষ অনুশীলনের পর আজ সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টেস্ট দলের সেরা বোলার শরীফুল এখনো দলের সঙ্গে যোগ দেননি। রয়েছে পিঠের সমস্যা। তার অবস্থা জানতে চেয়ে প্রশ্ন করা হলে হাথুরু সরাসরি কিছু না জানালেও বলেন, ‘শরীফুল ঠিক আছে। সে অনেক বেশি সাদা বলের ক্রিকেট খেলেছে। তাই আমরা তাকে ছুটি দিয়েছি। তার বোলিং করার দরকার নেই। কারণ, সে অনেক বোলিং করেছে। সে খেলার জন্য প্রস্তুত।’ সিলেটের স্পোর্টিং উইকেটে একাদশে কয়জন পেসার থাকতে পারে- এ প্রশ্নের উত্তরে তিনি যোগ করেন, ‘যারা আছে তাদের মধ্যে হয়তো ৩ জন বা ২ জন খেলতে পারে।’
অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ ও মুশফিকের ব্যাপারে কোচের মন্তব্য, ‘দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। দুজনই তরুণ ও শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনেরই শুরুটা ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবে।’
সিলেটের কন্ডিশনেরও তেমনই চাহিদা। হাথুরুসিংহের ভাষায়, ‘নিউজিল্যান্ড টেস্টের তুলনায় উইকেট কিছুটা ভিন্ন। নিউজিল্যান্ড টেস্টে এত ঘাস ছিল না। এই টেস্টে আছে। আবহাওয়ারও একটা ভূমিকা থাকবে। প্রতিপক্ষ ও কন্ডিশনের এ বিষয়গুলো বিবেচনায় রাখলে এই টেস্টের চ্যালেঞ্জটাকে বড় মনে হবে। তবে নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। আমাদের ওদের হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে।’
গত নভেম্বরে নিউজিল্যান্ডকে হারানো টেস্ট দলের অভিজ্ঞতা নেই এবারের স্কোয়াডে। আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার বদলে দলে এসেছেন তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে তাই হৃদয়-দীপু-লিটনের ওপরই চেয়ে থাকতে হবে। তবুও তারুণ্যের শক্তিতে আস্থা রাখছেন হাথুরুসিংহে, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে, দিপু এবং সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুহাতে লুফে নেয়।’
আজ অনুশীলনের সময় আঙুলে চোট পান জাকির হোসেন সে প্রসঙ্গে হাথুরু সমর্থকদের দুশ্চিন্তা দূর করেছেন। জানিয়েছেন, ‘জাকির ইনজুরিতে পড়েননি।’ লিটনের ওপরও আস্থা রেখেছেন কোচ, ‘লাল বলের ক্রিকেটে ওর কাছ থেকে আরও রান আশা করছি। তার প্রতিভা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমার প্রত্যাশা বাজে সময় কাটিয়ে সে ফর্মে ফিরে আসবে।’
দলের সার্বিক অবস্থা দারুণ বলে জানান হাথুরু। বলেন, ‘সাদা ও লাল বলে দুটো দল আমাদের। এই স্কোয়াডে অনেকগুলো নতুন মুখ। তারা প্রত্যেকেই দলে প্রচুর শক্তি ও উৎসাহের যোগান দিচ্ছে। দলের সবাই ভালো অবস্থায় রয়েছে।’
আগামীকাল সকাল ১০টায় সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আর সাদা পোশাকে কাল একাধিক অভিষেকের সাক্ষী হতে পারেন সমর্থকরা।
