ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, উদ্ধার মাত্র ৬

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৪৫ পিএম

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের পশ্চিম উপকূলে রোহিঙ্গা যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাত্র ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। 

পশ্চিম আচেহ’র মৎসজীবী সমাজের অন্যতম নেতা নন্দ ফেরদিয়ানসিয়াহ বার্তাসংস্থা এএফপিকে বলেন, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে পশ্চিম আচেহ’র উপকূলে একটি রোহিঙ্গা যাত্রীবাহী নৌকা ডুবতে দেখতে পেয়ে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয় একটি মাছধরা নৌকা। এরপর মাছধরা নৌকায় উঠতে চান সবাই; কিন্তু এত যাত্রী নেওয়ার মতো ক্ষমতা মাছ ধরা নৌকাটির ছিল না। ফলে সেটিও ডুবে যায়।

পশ্চিম আচেহ’র মৎসজীবী সমাজের সেক্রেটারি জেনারেল পাওয়াং আমিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, নৌকাটিতে কতজন রোহিঙ্গা যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। মাত্র ৬ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছেন মৎসজীবীরা। বাকিরা স্রোতে ভেসে গেছে।

সাগরে ভেসে যাওয়া রোহিঙ্গারা বেঁচে আছে কি না— সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।

জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত সংস্থা ইউএনএইচসিআর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে দাবি করেছে, নৌকাটিতে একশ’র কাছাকাছি বা তারও বেশি সংখ্যক রোহিঙ্গা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত