সিলেটে খেলতে আসলেই কি বাড়তি অনুপ্রেরণা কাজ করে নাজমুল হোসেন শান্তর মনে? রাজধানী বা বন্দরনগরীর মতো যানজট সইতে হয় না এখানে খেলতে এলে, গ্র্যান্ড সিলেট হোটেল থেকে চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলা রাস্তায় মিনিট সাতেকেই চলে আসা যায় মাঠে। এই স্বস্তির সঙ্গে স্মৃতিটুকুও তো কম নয়। টেস্ট অধিনায়ক হওয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া সেঞ্চুরি; বলা যায় শান্তর ক্যারিয়ারের পুনর্জন্মের সঙ্গে জড়িয়ে আছে সিলেটের নাম। স্মৃতির সিলেটে আজ শান্ত যখন ব্লেজার গায়ে সকালে টস করতে নামবেন, তখন তিনি ভারমুক্ত। নামের পাশ থেকে মুছে গেছে অন্তর্বর্তীকালীন শব্দটা। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততম বছরের প্রথম টেস্ট। এই মাঠে খেলা সবশেষ টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আশাটা তাই মোটেও বাড়াবাড়ি নয়।
বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানান দিলেন, সামনে কঠিন লড়াই। আজ থেকে যার নতুন অংশের শুরু, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আমাদের প্রত্যাশা অনেক উঁচুতে। আমরা এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে একটা সিরিজ খেলেছি। আমরা যদি ঘরের মাঠে সিরিজগুলোতে জিততে পারি, তাহলে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপে পরের দিকের সময়ে আমাদের একটা সুযোগ থাকবে। সামনে কিছু সিরিজ আসছে, যেসব অনেক উঁচু র্যাংকিংয়ের প্রতিপক্ষের সঙ্গে। সেই সিরিজগুলো খুব চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। খুবই অভিজ্ঞ দল। এই টেস্ট সিরিজটা আমাদের চ্যালেঞ্জ জানাবে তবে আমরা লড়তে তৈরি।’
ঠাসবুনোট সূচি, ক্রিকেটারদের পছন্দক্রম এবং টানা খেলার ধকল; সব সামাল দিতে সাদা বল এবং লাল বলে আলাদা দল গঠনে মনোযোগ দিয়েছে বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ড। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তিন সংস্করণেই নেতৃত্বে শান্ত থাকলেও তার সেনাদলে এসেছে পরিবর্তন। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, সাদমান ইসলাম, খালেদ আহমেদ নাঈম হাসান আর শাহাদাত হোসেন দীপু। কোচও বললেন, নতুন খেলোয়াড়রা দলে নতুন শক্তির প্রবাহ নিয়ে এসেছে, ‘দলের ভেতর পরিবেশ চমৎকার। অনেক নতুন মুখ। আমাদের লাল বল আর সাদা বলের দল আলাদা। নতুন ছেলেরা নতুন উদ্যম আর উৎসাহ নিয়ে এসেছে।’ নতুনদের মধ্যে পুরনো একজনও ফিরেছেন, লিটন দাস প্রায় ৯ মাস পর ফিরছেন টেস্টে। দেশে নিউজিল্যান্ড সিরিজের দুটো টেস্টে লিটন খেলেননি সদ্যজাত কন্যাসন্তানকে সময় দিতে। ওয়ানডে দল থেকে লিটন বাদ পড়েছিলেন নতুন বলে ঠিকঠাক শুরু এনে দিতে না পারায়, টেস্টে লিটন খেলেন ছয় নম্বরে। রঙ বদলে কি ভাগ্য বদলাবে লিটনের? হাথুরুসিংহে অবশ্য ইতিবাচক মানসিকতাই দেখিয়েছেন, ‘আমি আশা করি সে লাল বলে অনেক বেশি রান করবে। টেস্ট ক্রিকেটটা পুরোই আলাদা। আমরা তার প্রতিভায় আস্থা রাখছি। আমরা জানি যে সাদা বলের ক্রিকেটে সে একটু বাজে সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আশা করছি সে ফর্মে ফিরবে।’
হাথুরুসিংহে আগেরবার যখন বাংলাদেশের কোচ ছিলেন, তখন টেস্ট দলে পেস বোলারদের প্রায় ব্রাত্যই করে রেখেছিলেন। বিশেষ করে দেশের মাটিতে। সিলেটের উইকেট পেসারদের জন্য সহায়ক হলেও নিউজিল্যান্ডকে হারাতে তাইজুল ইসলামের ম্যাচে ১০ উইকেট নেওয়াটাই পালন করেছিল প্রধান ভূমিকা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো পেস বোলিংয়েই ভরসা রাখবেন হাথুরুসিংহে, কাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা হয়তো একাদশে দুই থেকে তিনজনকে (পেস বোলার) অন্তর্ভুক্ত করতে পারি।’ স্কোয়াডে পেসার আছেনই তিনজন, খালেদের সঙ্গে নবাগত মুশফিক হাসান ও নাহিদ রানা যাদের কেউই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি।’
অন্যদিকে শ্রীলঙ্কার টেস্ট দলটা অভিজ্ঞ। দলে দিমুথ করুণারতেœ, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ফিরেছেন যা ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছে। পেসার কাসুন রাজিথা, লাহিরু কুমারাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ব ফার্নান্দো। হাথুরুসিংহের ট্রাম্পকার্ড যদি হয়ে থাকেন তাইজুল, তাহলে ক্রিস সিলভারউডের হাতেও প্রভাত জয়সুরিয়া আছে। এই বামহাতি স্পিনার টেস্ট অভিষেকেই অস্ট্রেলিয়াকে গলে নাকানিচুবানি খাইয়ে হয়েছিলেন ম্যাচসেরা। শেষ পর্যন্ত তাই স্পিন সহায়ক উইকেটের কৌশল থেকে সরেও আসতে পারে বাংলাদেশ, ‘এই উইকেটটা একটু আলাদা। আগের বারের উইকেটে ঘাস কম ছিল, অনেকটা ন্যাড়া উইকেট ছিল (নিউজিল্যান্ডের বিপক্ষে)। এবার সবুজ ঘাসের আভা আছে। আবহাওয়াও এই ম্যাচে একটা প্রভাবক হয়ে দাঁড়াবে। সবকিছু চিন্তা করে, প্রতিপক্ষের দুর্বলতা আর আমাদের শক্তির জায়গা মিলিয়েই দল সাজাব। এই সিরিজটা নিউজিল্যান্ড সিরিজের চেয়েও কঠিন হবে। আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে।’ সতীর্থদের কাছ থেকে সেরা খেলাটা বের করে আনার কাজটাই নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন শান্ত, নিজে উদাহরণ সৃষ্টি করে।
শান্তর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয় সিলেটে। দুটো মিলে সিলেটে শ্রীলঙ্কাকে হারাতে সেঞ্চুরি করে ভূমিকা রাখতে কি পারবেন শান্ত? তেমনটা হলে দুটি পাতা একটি কুঁড়ির শহরটা নিঃসন্দেহে আরও প্রিয় হয়ে উঠবে তার কাছে।
