পাণ্ডববর্জিত নতুন যাত্রা

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৪৭ এএম

কিছুদিন আগে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় ঐচ্ছিক অনুশীলনে দেখা গেল মুশফিকুর রহিমকে। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক চট্টগ্রামে হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য চলে গিয়েছিলেন সিলেটে! ক্রিকেট আর অনুশীলন যার জীবনে এতটাই জড়িয়ে সেই মুশফিক চোটের কারণে খেলতে পারছেন না সিলেট টেস্টে। একাদশে মুশফিকের মতো অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের অভাব অনুভব করবেন জানিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, তার না থাকাটা তরুণদের জন্য সুযোগ।

মুশফিক না থাকায় বাংলাদেশ দলে কথিত ‘পঞ্চপান্ডব’ বা একসঙ্গে লম্বা সময় ধরে খেলা পাঁচ ক্রিকেটারের কাউকেই দেখা যাবে না সিলেটে। মাশরাফী বিন মোর্ত্তজা তো টেস্ট খেলা ছেড়েছিলেন অনেক আগেই। সাকিব আল হাসান রাজনীতির মাঠে নামার পর বিপিএল ও ডিপিএল খেললেও জাতীয় দলে খেলছেন না চোখের সমস্যায়। তামিম ইকবাল বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অবসর, প্রত্যাবর্তন ইত্যাদি নানান নাটকীয়তার পর একটি মোবাইলে আর্থিক সেবাপ্রদান প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সতীর্থদের যোগ করে যে নাটুকেপনা দেখিয়েছেন তামিম, তাতে জনমনে ক্ষোভই বেড়েছে। বিসিবি সভাপতিও ক্ষেপেছেন তামিমের ওপর। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফিরে আসার সম্ভাবনাও কম। মাহমুদউল্লাহও টেস্ট থেকে অবসর নিয়েছেন। একমাত্র মুশফিকই সাদা পোশাকে খেলেছেন নিয়মিত।

দেশের হয়ে টানা ৪৯ টেস্ট খেলে ২০২২ সালে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলা হয়নি মুশফিকের। একই বছর হজ পালন করার কারণে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টে। এর বাইরে ব্যক্তিগত কারণ বা অন্য কোনো অজুহাতে টেস্ট ম্যাচ থেকে দূরে থাকেননি দেশের হয়ে ৮৮টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক। চোটে পড়ায় তার  বদলে টেস্ট খেলার সুযোগ করে দিয়েছে বগুড়ারই আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয়কে।

অভিজ্ঞ ক্রিকেটার, মিডল অর্ডারে ভরসা দেওয়া ব্যাটসম্যান মুশফিককে না পাওয়াটা বড় ধাক্কা হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে এতে সুযোগ দেখছেন তরুণদের, ‘আমরা মুশফিকের অভিজ্ঞতার অভাব বোধ করব। সে ভালো ছন্দে ছিল। চট করে এরকম অভিজ্ঞ কারও বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তবে তার জায়গায় আমরা তরুণদের সুযোগ দেব। মুশফিকের বদলে হৃদয় দলে এসেছে। সাদমান ও দীপুও দলে আছে। ওরাও টেস্ট দলের সঙ্গে ছিল। বাংলাদেশ দলে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে, আমি তাদের বলব সুযোগ পেলে সেটা দুহাতে আঁকড়ে ধরতে।’

শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ টেস্ট খেলবে জুলাইতে, প্রতিপক্ষ আফগানিস্তান। যদি  টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এই টেস্ট সিরিজ শেষ পর্যন্ত মাঠে না গড়ায় তাহলে আগস্টে পাকিস্তান সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব আর টেস্ট খেলবেন কি না সেটাও প্রশ্ন, কারণ খেলা এবং ব্যবসার সঙ্গে এখন রাজনীতিও তার জীবনের অংশ। তামিমের প্রত্যাবর্তনের সম্ভাবনাও ক্ষীণ। মুশফিকের অনুপস্থিতির মাধ্যমেই হয়তো সিলেটে সূচনা হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটের ‘পান্ডব’ পরবর্তী অধ্যায়ের। সেই অধ্যায় কারা লিখবেন, সেই পরীক্ষাই হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত