ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২২ মার্চ) এই আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তবে এ নৌকাডুবির ঘটনায় আরও ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, মৃতের এই সংখ্যাটি নিশ্চিত করা হলে চলতি বছরের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হবে এটি।
বুধবার (২০ মার্চ) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রোহিঙ্গা বোঝাই একটি কাঠের নৌকা ডুবে যায়। তখন স্থানীয় জেলেরা ছয় জনকে উদ্ধার করে। আচেহ শহরের একটি জেলে সম্প্রদায় জানিয়েছে, জোয়ারের কারণে নৌকাটি ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা তীরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।
এর কয়েক ঘণ্টা পর আচেহ প্রদেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল রওনা দেয়। নৌকাটি উপকূলের অনেকটা দূরে চলে যাওয়ায়, সেটি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের খুঁজে পাওয়া যায়।
