বছরের অন্যতম বড় উৎসব হলো ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা থাকে সবার মাঝেই। সেই উদ্দীপনারই একটি অংশ হলো নতুন পোশাক। ছোট-বড় নির্বিশেষে সবাই ঈদের জন্য নতুন পোশাক কিনে থাকেন। তবে বিভিন্ন রকম পোশাকের ভিড়েও ছেলেদের জন্য ঈদের স্পেশাল পোশাক পাঞ্জাবি। এ ছাড়াও রয়েছে শার্ট ও টি-শার্ট। ছেলেদের কেমন পোশাক এবার ট্রেন্ড চলুন জেনে নেওয়া যাক
পাঞ্জাবিতে কাপড় ও নকশার বৈচিত্র্য
ঈদে পাঞ্জাবি ছাড়া সম্পূর্ণ ঈদ শপিংই যেন অসম্পূর্ণ। ফেস্টিভ লুকের পাশাপাশি পাঞ্জাবি বহন করে ধর্মীয় আবহ। তাই অন্য সব পোশাকের ভিড়েও পাঞ্জাবির আবেদন আলাদা। এ কথা মাথায় রেখেই দেশীয় সব বড় বড় ফ্যাশন হাউজগুলো ঈদ উপলক্ষে সাজিয়ে তোলে পাঞ্জাবির সম্ভার। আড়ং, লা রিভ, ইয়েলো, টুয়েলভ ক্লদিং, লুবনান, ইলিয়িন, বিশ্বরঙ ইত্যাদি ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো ঈদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এবারের ঈদ গরমে হওয়ায় পাঞ্জাবির কাপড় নির্বাচনে আরাম ও স্বস্তিকে প্রাধান্য পেয়েছে। কটন, লিনেন, হাফ সিল্ক, স্ল্যাব কটন, জ্যাকার্ড কটন, খাদি, ভিসকস ইত্যাদি কাপড় পাঞ্জাবি তৈরিতে ব্যবহার করা হয়েছে। নকশার ক্ষেত্রে মিনিমাল ধারার প্রাধান্য দেওয়া হয়েছে। বৈচিত্র্য ও নতুনত্ব আনতে এক রঙের পাশাপাশি শেইড, হালকা টাই-ডাই, কারচুপি প্রিন্ট ও চিকেনকারির জমিন দেখা যাচ্ছে। কাপড়ের সঙ্গে মিল রেখে একই রঙের সুতার কাজ এবার বেশ জনপ্রিয় নকশার ধারা। এতে আভিজাত্যের পাশাপাশি ভিন্নতাও ফুটে উঠেছে পাঞ্জাবিগুলোতে। সিল্ক কাপড়ে কয়েক রঙের শেইড দেওয়া পাঞ্জাবির আধিক্য দেখা যাচ্ছে। এ ছাড়াও রয়েছে ফ্লোরাল প্রিন্ট ও চেকের পাঞ্জাবি। তবে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে নকশা করা বা প্রিন্টের কোটি বেশ ট্রেন্ডি এবার। জরির বুননে করা কোটিগুলোও বেশ ফেস্টিভ লুক দেয়। এসবের পাশাপাশি কিছু ফ্যাশন হাউজে থিমভিত্তিক পাঞ্জাবি ডিজাইন করা হয়েছে। যেমন রঙ বাংলাদেশের পাঞ্জাবিতে ফুটিয়ে তোলা হয়েছে চার এলিমেন্টস বা মাটি, পানি, আগুন ও বাতাসের থিম। এসব থিমের রঙে ও আদলে করা হয়েছে নকশা। তাগা ম্যানের বেশিরভাগ পাঞ্জাবি ডিজাইন করা হয়েছে আর্থ কালারগুলোতে। নকশাতেও রাখা হয়েছে প্রাকৃতিক থিম। এ ছাড়া টুয়েলভ ক্লদিং, লুবনান, ইলিয়িন ইত্যাদি ব্র্যান্ডের পাঞ্জাবিগুলোতেও দেখা যাচ্ছে হালকা ও নিউট্রাল রঙের প্রাধান্য এবং এ কাট বা একটু ঢিলেঢালা কাটের পাঞ্জাবির জনপ্রিয়তা রয়েছে। নকশার ক্ষেত্রে সিম্পলিসিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে যারা একটু জমকালো পাঞ্জাবি বেছে নিতে চান তাদের জন্য সিকোয়েন্সের কাজ করা চিকানের পাঞ্জাবিও এবার বেশ ট্রেন্ডি।
সামার ফ্রেন্ডলি শার্ট ও টি-শার্ট
পয়েন্ট কলারের পাশাপাশি ব্যান্ড কলারের শার্টও এবার সমান ট্রেন্ডি। তবে একরঙা শার্টের প্রাধান্য কমতে দেখা যাচ্ছে। এই ঈদে ছেলেদের শার্টের ফ্যাশনে ফ্লোরাল এবং জ্যামিতিক প্রিন্ট ও চেকের ট্রেন্ড দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রিন্টেড শার্টই এবার বেশি জনপ্রিয়। তবে নিউট্রাল রঙের ও প্যাস্টেল রঙের মিশেলেও প্রিন্টেড শার্ট দেখা যাচ্ছে। ঈদ গরমের সময় হওয়ায় ফরমাল শার্টের চেয়ে সামার ফ্রেন্ডলি ক্যাজুয়াল শার্টগুলোই বেশি ট্রেন্ডি এবার। এসব শার্ট হাফ হাতা ছাড়াও হাতা গুটিয়ে বোতাম দিয়ে আটকে রাখা যায়। ফ্লোরাল, জ্যামিতিক, পেইসলে ইত্যাদি প্রিন্টের শার্ট এবার ঈদ বাজারে ট্রেন্ডে আছে। সিনথেটিকের চেয়ে সুতি, লিনেন ইত্যাদি কাপড়ের শার্টের প্রাধান্য থাকবে। রয়েছে পোলো শার্টের জনপ্রিয়তাও। বরাবরের মতো এবারও টি-শার্টের ট্রেন্ড আছে। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টি-শার্টগুলো পাওয়া যাবে বিভিন্ন জেন্টস শপগুলোতে। গোল গলা ছাড়াও কলার দেওয়া গেঞ্জিগুলো বেশ চলছে। বিভিন্ন ডিজাইনের এই টি-শার্টগুলো গরমে যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবলও।
রকমারি জুতা ও স্যান্ডেল
ঈদে নতুন জুতা হিসেবে ক্যাজুয়াল লোফার বেছে নেওয়া যায়। নানা ডিজাইনের লেদারের লোফারগুলো এবারও ভীষণ ট্রেন্ডি। এ ছাড়া রয়েছে বিভিন্ন রকম স্নিকার্স। গরমের কথা চিন্তা করে অনেকে আরামদায়ক স্যান্ডেলের অপশনে যেতে চান, সে ক্ষেত্রে দুই ফুতা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল রয়েছে শপগুলোজুড়ে। কিছু ফ্ল্যাট স্যান্ডেল রয়েছে হালকা ও কমপোর্টেবল। এগুলোকে সাধারণত সামার স্যান্ডেল বলে। সারা দিনের আরামের জন্য পাঞ্জাবির সঙ্গে বেছে নিতে পারেন এই সামার স্যান্ডেলগুলো। এ ছাড়া নামাজ পড়তে যাওয়ার জন্য অনেকে কোলাপুরি স্যান্ডেলও পছন্দ করেন। পাঞ্জাবির বদলে যারা কাবলি সেট নিতে চান তাদের জন্য রয়েছে হাফ শু ধরনের স্যান্ডেলগুলো, যা এই পোশাকের সঙ্গে ভীষণ মানানসই। এর সঙ্গে প্রিয় সুগন্ধি ও রোদচশমাও কিনে নিন আপনার পছন্দের ব্র্যান্ডের। আপনার ঈদ হয়ে উঠুক পরিপূর্ণ ও আনন্দময়।
মডেল : হাসীব, সাদি, দীপ, সাইম
পোশাক : রঙ বাংলাদেশ
ছবি : আবুল কালাম আজাদ
