ভর্তুকির হারভেস্টার বিক্রি করে দিলেন যুবলীগ নেতা!

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম

বরগুনার আমতলীতে প্রান্তিক কৃষকের মধ্যে সরকারের ভর্তুকিমূল্যে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন (চারা রোপন, ধান কাটা ও মাড়াই যন্ত্র) ও এর যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছেন যুবলীগ নেতা।

জানা গেছে, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ২০২২ সালের ১ মে প্রায় ৩০ লাখ টাকার হারভেস্টার মেশিন ৭০ শতাংশ ভর্তুকিতে ৯ লাখ টাকায় আমতলী

কৃষি অফিস থেকে কিছু শর্তসাপেক্ষে মেশিনটি কেনেন। মেশিনটি নেওয়ার পর সেটি আমতলী সদর ইউনিয়ন যুবলীগ নেতা গাজী হান্নান পরিচালনা করেন। সম্প্রতি কম্বাইন্ড হারভেস্টারের মেশিন ও কিছু যন্ত্রাংশ বিক্রি করে দেন গাজী হান্নান। মেশিনের বাকি অংশ গাজী হান্নানের বাড়ি উপজেলার ফকির বাড়ি বাসস্ট্যান্ডের কাছে পড়ে আছে।

আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ‘হান্নান ও আমি একসঙ্গে যুবলীগের রাজনীতি করতাম। সেই সুবাদে আমি তাকে মেশিনটি ছাড়িয়ে দিয়েছি। এখন মেশিনটির কী অবস্থা তা হান্নান ভালো করে জানেন।

যুবলীগ নেতা গাজী হান্নান বলেন, ‘আমি নজরুল ইসলামের কাছ থেকে হারভেস্টারটি ভাড়া নিয়ে ব্যবসা করছি। মেশিনটি উত্তরাঞ্চলে পাঠিয়েছিলাম। সেখানে বড় গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিধায় মেশিন ও যন্ত্রাংশ বিক্রি করেছি।’

আমতলী উপজেলা কৃষি অফিস জানায়, ভর্তুকিমূল্যে নেওয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন কোনোক্রমে বিক্রি করা যাবে না এবং উপজেলার বাইরে নিয়েও ব্যবসা করতে হলে অফিসের অনুমতি নিতে হবে।

জানা গেছে, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে উন্নয়ন সহায়তায় কৃষকের মধ্যে (ভর্তুকিমূল্যে) কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের উদ্যোগ নেয় সরকার। বরগুনার আমতলীতে প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিটি মেশিনে ৭০ শতাংশ ভর্তুকি দিয়ে বিক্রি করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অফিসের সহায়তায় দুটি কোম্পানি এসিআই ও মেটাল এই ভর্তুকিমূল্যে হারভেস্টার সরবরাহ করে থাকে। কোম্পানি থেকে এটি কিনতে গেলে ৩০ লাখ টাকার বেশি দাম পড়ে। অথচ সরকার ভর্তুকি দিয়ে সেই মেশিন মাত্র ৯ লাখ টাকায় বিতরণ করে। শুধু তাই নয়, মেশিনটি পেতে সহজ কিস্তির সুবিধাও রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা মোবাইল ফোনে বলেন, ‘হারভেস্টার মেশিন সম্পর্কে এসিআই ও মেটাল কোম্পানির কাছ থেকে অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এর বাইরে এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি তিনি।

ইউএনও মোহাম্মাদ আশরাফুল আলম মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত