জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান আবুল হোসেন

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও তিনি বর্তমানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদিকা হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৪তম (বিশেষ) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।

তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী ফারজানা মিম কর্তৃক বিভাগীয় শিক্ষক জনাব আবু শাহেদ ইমনের বিরুদ্ধে দাখিলকৃত যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগের বিষয়ে যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে জনাব আবু শাহেদ ইমনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে অদ্যকার সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম চেয়ারম্যান হিসেবে দায়িত্বাবলী সঠিকভাবে পালন না করায় এবং শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কাজে অসহযোগিতা করায় তাঁকে উক্ত বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি (চেয়ারম্যান) উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে ওই বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর সাপ্লিমেন্টারী পরীক্ষা কমিটি গঠন এবং সার্বিক বিভাগীয় একাডেমিক/প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত