রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আক্তার হোসেন ও সোহেল রানা জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। বাবার নাম মোখলেসুর রহমান। টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন তিনি। এক মাসে যাবত মিরপুরে ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করেছিলেন তিনি।
তারা জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নির্মানাধীন ভবনের নিচ তলায় ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিল জাহিদ। তবে জায়গাটি ছিলো অন্ধকার। সেজন্য বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিলো। তখনই সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ব্রিজ ভেঙে পিকআপ খালে