চাঁদপুরের মতলব উত্তরের বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৫) নামের সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।
আজ শনিবার দুপুরে উপজেলার বেড়িবাঁধের সিপাইকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।
এই ঘটনায় অপর আহত যাত্রীরা হলেন একই উপজেলার মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবর (৫৫)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতের স্ত্রী শেফালি আক্তার বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী। ১ মাস পূর্বে দেশে এসেছেন। শনিবার চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া সিপাইকান্দি বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ২ জন যাত্রী আহত হয়েছেন। দুঘর্টনাকবলিত মাইক্রো বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন দেওয়া উচিত নয়: আপিল বিভাগ