আগ্রহ তার বড় পর্দায়

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম

এক সময় তুমুল ব্যস্ত সময় পার করেছেন সারিকা সাবরিন। মাঝে কয়েক দফায় ছিলেন বিরতিতে, এরপর কাজে ফিরে নিয়মিত হন। কিন্তু গেল এক বছর ধরে ফের নাটকে অনিয়মিত, ওটিটিতে ঝুঁকেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। 

‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এরই মধ্যে একটি ওয়েবের কাজ শেষ করেছেন। সেখানে অভিনয় করেছেন সারিকা। তবে কাজটি সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ সবাই।

সারিকা সাবরিন বলেন, ‘আমি করেছি কিন্তু এই বিষয়ে এর বাইরে আর কিছুই বলতে পারব না। পরিচালকের নিষেধ। তারা যখন সঠিক মনে করবেন তখনই এটা নিয়ে কথা বলবেন। তার আগে আমিও কিছুই বলতে পারব না।’

এক বছরেরও বেশি সময় ধরে নাটকে দেখা না গেলেও এরমধ্যে টেলিভিশন শো উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। এর মাঝে খানিক সময় দেশের বাইরে ঘুরে এসেছেন। দেশে ফিরে শেষ করেছেন ইত্যাদি ও বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ এর শুটিং। আসছে ঈদে একটি নাটকেও তাকে দেখা যাবে বলে জানান অভিনেত্রী।

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে সারিকা বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় নাটক করি না। এরমধ্যে পরিবার নিয়ে দেশের বাইরে ছিলাম অনেকদিন। খুব সুন্দর একটা সময় পার করেছি। এটা দরকার ছিল। দেশে ফিরে কিছু কাজ করেছি। বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’ নিয়মিত উপস্থাপনা করছি। এর বাইরে ঈদের জন্য একটা নাটক করেছি চঞ্চল (চৌধুরী) ভাইয়ের সঙ্গে। এবার ‘ইত্যাদি’র ঈদ পর্বে দেখা যাবে, পাশাপাশি ‘পাঁচফোড়ন’-এ।’

নাটক কমিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নাটক এখন করছি না বললেই চলে। যেটা করেছি সেটাও অনুরোধে। সামনে কিছু ওয়েব নিয়ে কথা চলছে। শিগগিরই সুখবর দিতে পারব।

ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছেন সারিকা। ব্ল্যাংক চেক দিয়েও তাকে সিনেমায় রাজি করানো যায়নি। এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অজস্র সিনেমার প্রস্তাব পেয়েছি, সব ফিরিয়ে দিয়েছি। এমনও হয়েছে যে, অনেক পরিচালক ব্ল্যাংক চেক দিয়েও বলেছেন যে, সিনেমাটা করো কিন্তু আমি করিনি। তখন আমি একদম স্ট্রেইট না বলে দিয়েছি। আমার কোনো ইচ্ছাই ছিল না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে তার ইচ্ছেরও পরিবর্তন হয়েছে। সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করে সারিকা বলেন, ‘একটা সময় অনেক অনেক সিনেমার প্রস্তাব পেলেও তখন আগ্রহ কাজ করেনি, সরাসরি না করে দিয়েছি। কিন্তু এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। ভালো আয়োজনে, বড় পরিসরে কাজ হচ্ছে। ভালো গল্প, স্ক্রিপ্ট এবং সুযোগ পেলে এখন অবশ্যই সিনেমা করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত