সমাধানের আশ্বাস মন্ত্রীর

পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনিদের ফের ২ দিনের কর্মবিরতি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:০১ এএম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাদের এই আশ্বাস দেন। তবে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পরও আজ রবিবার ও কাল সোমবার ফের দুদিনের কর্মবিরতি ঘোষণা করেছেন এসব চিকিৎসক। গতকাল শনিবার শেষ হয় তাদের সাতদিনের কর্মবিরতি।

গতকাল পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন্নবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদিনের কর্মবিরতিতে দেশের সব ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক (ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি ডিউটি ছাড়া) সব ধরনের ডিউটি থেকে বিরত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ২৫ মার্চ দুপুর ২টার পর থেকে সব ট্রেইনি এবং ইন্টার্ন চিকিৎসক হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হবেন এবং আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত